স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে লাল গালিচা অভ্যর্থনা প্রদান করবে বাংলাদেশ।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ কোবিন্দ ও তার সফরসঙ্গীদের বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকছেন ভারতের ফাস্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, শিক্ষা প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রপতিকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর কোবিন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শন করবেন। একই দিন বিকেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করবেন ভারতের রাষ্ট্রপতি। এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধ বিমান জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের রাষ্ট্রপতিকে উপহার হিসেবে প্রদান করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানে বঙ্গভবনে ভারতীয় রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সফরের তৃতীয় দিনে ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। ওই দিন দুপুর তিনি দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।